Saturday, 6 April 2024

ঈদে বাসের ছাদে যাত্রী পরিবহন করা যাবে না

 



পবিত্র ঈদুল ফিতরে পণ্য পরিবহনকারী যানবাহন এবং বাসের ছাদে যাত্রী পরিবহন করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গণপরিবহন চলাচল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ঈদের আগে তিন দিন ও ঈদের পরের তিন দিন ট্রাক, ভাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে; তবে উল্লিখিত সময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রীসহ রপ্তানিপণ্যবাহী যানবাহন, ওষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবহানসমূহ এর আওতামুক্ত থাকবে; টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকার সংকুলান রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

এ ছাড়া যানবাহন চলাচল নিরবিচ্ছিন্ন রাখার নিমিত্তে যেকোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে (ফোন: ০২-৫৫০৪০৭৩৭, মোবাইল: ০১৫৫০০৫১৬০৬) যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

 

‘বস্তিবাসীদের পুনর্বাসন না করে কাউকে উচ্ছেদ করা হবে না’

 আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ পিএম

বস্তিবাসীদের পুনর্বাসন না করে কাউকে উচ্ছেদ করা হবে না মন্তব্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আগে পুনর্বাসন তারপর উচ্ছেদ। আগামী আড়াই বছরের মধ্যে পুরো ঢাকা শহরে পানির সমস্যা সমাধানে মেঘনা নদী থেকে ব্যবহারের উপযোগী করে পানি সরবরাহ করা হবে। ঢাকা শহরের মধ্যে আর কোনো পানির পাম্প বসানো হবে না।

আজ শনিবার ভাষানটেক বিআরপি প্রকল্প পরিদর্শন শেষে ভাষানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসা মসজিদ সংলগ্ন পানির পাম্প উদ্বোধন ও বস্তিবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, আমি নির্বাচনের সময় আপনাদের কথা দিয়েছিলাম ভাষানটেক বিআরপি প্রকল্প নিয়ে। সকল বস্তিবাসীদের পুনর্বাসনের আওতায় আনা হবে। সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে ভাষানটেক বস্তিবাসীদের পুনর্বাসনের কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে বিআরপি প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন।

তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত ও আধুনিক স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাতে শিখিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল।

এর আগে প্রতিমন্ত্রী প্রয়াত ভাষানটেক থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন, ভাষানটেক মাসজিদুল আমান কমপ্লেক্স জামে মসজিদ সংলগ্ন পানির পাম্পের উদ্বোধন, ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন, দেওয়ানপাড়া সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন, ভাষানটেক ইসলামিয়া মাদরাসা মসজিদ সংলগ্ন পানির পাম্পের উদ্বোধন ও শেখ হাসিনার পক্ষ থেকে এবং ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহির আহমেদের উদ্যোগে ও সহায়তায় ঈদ উপহার বিতরণ করেন।

 

সোনার দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়ল ১৭৫০ টাকা

 আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৮:১১ পিএম

দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১৭৫০ টাকা। এ নিয়ে দেশের বাজারে ভালো মানের সোনা এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকায়। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতদিন যার দাম ছিল ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা।

আগামীকাল রবিবার (৭ এপ্রিল) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

শ‌নিবার (৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সদ্ধিান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ১০ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৪ হাজার ৭৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৮ হাজার ৯৬৫ টাকা করা হয়েছে।

অপরিবর্তীত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা।

 

 

ঈদে আনন্দ নাকি গরমে অস্বস্তি

 আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ পিএম

রোজা ৩০টি পূর্ণ হলে ঈদুল ফিতর ১১ এপ্রিল। যা চৈত্র মাসের শেষ সপ্তাহে। আবহাওয়া পরিস্থিতি চলমান থাকলে ঈদের আনন্দ ম্লান হতে পারে গরমের অস্বস্তিতে। একই সঙ্গে বৈশাখের আগমন জানাতে হতে পারে ‘কালবৈশাখী’।

আবহাওয়ার পূর্বাভস বলছে, ঈদের সময় দেশে তাপপ্রবাহ থাকতে পারে। চলতি এপ্রিল মাসে কয়েকদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, পাশাপাশি একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ও রূপ নিতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে থাকবে। তবে দুই দিন পর আবার বাড়তে থাকবে তাপমাত্রা। যা ঈদ ও ঈদের পরও থাকবে।


ঈদের দিনের আবহাওয়া কেমন হতে পারে জানতে চাইলে আবহাওয়া অফিসের ফোকাস্টিং কর্মকর্তা মনোয়ার হোসেন আজ শনিবার দুপুরে দেশ রূপান্তরকে বলেন, ‘ঈদের দিন সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ গরমের মাত্রা বেশি থাকবে।’

কালবৈশাখী ঝড়ের আভাস আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘বছরের এই সময়ে বিক্ষিপ্তভাবে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়ে থাকে। তবে দেশের পশ্চিমাঞ্চলের খুলনা ও রাজশাহী বিভাগে হয়তো কালবৈশাখী ঝড় সৃষ্টি হলেও হতে পারে। কিন্তু সারা দেশে গরমের মাত্রা বেশি থাকবে।’

গরম থাকলেও বাতাস কেমন থাকবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বছরের এই মৌসুমের বাতাসের গতিবেগের কোনো নিয়ম নীতি নেই। তবে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকবে। তাই গরমের মধ্যে বাতাসটা কিছুটা হলেও মানুষকে স্বস্তি দেবে।’

এদিকে আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা এবং রাজশাহী বিভাগের ৮টি জেলাসহ মোট ১১টি জেলার ওপর দিয়ে আজ মৃদু (৩৬ ডিগ্রি থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে আজ দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত ওই পূর্বাভাগে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

শনিবার (৬ এপ্রিল) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার (৫ এপ্রিল) তাপমাত্রার পারদ ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।

 

 

২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

 আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৪:০২ পিএম

দেশে ২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, এ ব্যাপারে বৈশ্বিক অঙ্গীকারের সাথে বাংলাদেশ সরকারও একাত্মতা প্রকাশ করেছে। এ ব্যাপারে সরকারের উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসা প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ শনিবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এবছর দিবসটির প্রতিপাদ্য- মাই হেলথ্, মাই রাইট। অর্থাৎ স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে: কাজ করি একসাথে।

আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি জাতির সার্বিক উন্নতি ও অগ্রগতি নির্ভর করে জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়নের উপর। এই বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান সরকার স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা জোরদারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। যার সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছে সাধারণ মানুষ।

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিপাদ্য তখনই স্বার্থক হবে যদি ডাক্তার, নার্স, পরিচ্ছন্নতা কর্মীসহ হাসপাতালে কর্মরত অন্যান্য সদস্যরা একসাথে কাজ করেন৷

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ে বিস্তৃত স্বাস্থ্য সেবা গ্রহণে তাদের উদ্বুদ্ধ করতে পারলেই বিশ্ব স্বাস্থ্য দিবসের আহ্বান স্বার্থক হবে।

স্বাস্থ্য বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সচিব মো. আজিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. বার্ডান জাং রানা, স্বাচিপ সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু প্রমুখ।

 

সংবাদপত্রে টানা ৬ দিনের ছুটি

 আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৫:১৬ পিএম

এবার ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষের ছুটি মিলিয়ে টানা ছয়দিনের ছুটি পাচ্ছেন সংবাদকর্মীরা। আগামী ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ভোগ করবেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ শনিবার সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ থেকে ১৪ এপ্রিল পত্রিকা প্রকাশিত হবে না।

এর মধ্যে ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষের সরকারি ছুটি।

এর আগে টানা ছয় দিনের ছুটি কখনো পাননি সংবাদপত্রের সঙ্গে যুক্তরা। ফলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

 

No comments:

Post a Comment

BMW সম্পর্কে দশটি অজানা তথ্য

 #BMW সম্পর্কে দশটি অজানা তথ্য ১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয...